মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার দ্রুত পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) মালয়েশিয়ার পুত্রজায়ায় প্রধানমন্ত্রী Anwar Ibrahim–এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই অনুরোধ জানান।
তারেক রহমান বলেন, মালয়েশিয়ায় আরও বেশি বাংলাদেশি শ্রমিক নিয়োগ এবং যত দ্রুত সম্ভব শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়টি বিবেচনা করার জন্য তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের দেশে ফেরানোর বিষয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও কম খরচের হওয়া প্রয়োজন, যাতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমে এবং শ্রমিকদের ব্যয় হ্রাস পায়।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, তথ্যপ্রযুক্তি, জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, হালাল শিল্প, প্রতিরক্ষা ও ডিজিটাল অর্থনীতিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে এগিয়ে যাওয়ার বিষয়েও উভয় পক্ষ সম্মত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে তাদের অবদানের প্রশংসা করেন।