বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মালয়েশিয়ায় প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান হাইকমিশনারের, পেনাংয়ে মিলনমেলা আয়োজন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের দেশটির আইন ও নিয়মকানুন মেনে চলার নির্দেশনা দিয়েছেন হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। একই সঙ্গে তিনি প্রবাসীদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রশংসা করেন।

বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর এবং মালয়েশিয়ার সামাজিক নিরাপত্তা সংস্থা PERKESO-এর যৌথ উদ্যোগে পেনাং-এ আয়োজিত প্রবাসী কর্মীদের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শনিবার (২৫ এপ্রিল) পারকেসো ভবনে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারকেসোর ফরেন ওয়ার্কার্স ডিভিশনের প্রধান হারিরি হারুন এবং পরিচালক রাফিদাহ বিনতি আব্দুল রহিম। এছাড়া বিভিন্ন কোম্পানি, রেমিট্যান্স হাউসের প্রতিনিধি এবং শতাধিক প্রবাসী বাংলাদেশি কর্মী এতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রবাসী কর্মীদের কল্যাণে গৃহীত বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রম তুলে ধরা হয় এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

হাইকমিশনার প্রবাসীদের “রেমিট্যান্স যোদ্ধা” হিসেবে উল্লেখ করে বলেন, দেশের অর্থনীতিতে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, প্রবাসীদের কল্যাণ ও অধিকার সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে মালয়েশিয়ার সামাজিক নিরাপত্তা সুবিধা পেতে হলে আইন মেনে চলা অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।

বক্তারা প্রবাসী কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, সচেতনতা বৃদ্ধি এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রবাসী কর্মীদের জন্য নির্মিত একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।