যুক্তরাষ্ট্র যতদিন ইরানের ওপর সামরিক অভিযান বন্ধ রাখবে, ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে না ইরান। নাম প্রকাশ না করার শর্তে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন ইরানের ক্ষমতাসীন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
শনিবার ও রোববার রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের কোনো সামরিক বা বেসামরিক স্থাপনায় হামলা চালায়নি। একই সময়ে মধ্যপ্রাচ্যে অবস্থিত কোনো মার্কিন ঘাঁটিতেও হামলা চালায়নি ইরানের প্রতিরক্ষা বাহিনী। এর আগে টানা ১৩ দিন ধরে প্রতি রাতে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ওই ইরানি কর্মকর্তা বলেন, যুদ্ধ শুরুর পর থেকেই ইরান ‘হামলার বদলে হামলা’ নীতি অনুসরণ করছে। তাই যুক্তরাষ্ট্র যদি সামরিক অভিযান বন্ধ রাখে, তাহলে ইরানও পাল্টা সামরিক অভিযান স্থগিত রাখবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে ইতোমধ্যে ইরানের পক্ষ থেকে বার্তা পাঠানো হয়েছে বলেও তিনি দাবি করেন।
ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘদিনের উত্তেজনার পর গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান শুরু করে। তবে বর্তমানে সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি।
যুদ্ধ শুরু হওয়ার পরপরই হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে তেহরান। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়। কারণ যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়েই পরিবহন করা হতো।