বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মার্কিন যুদ্ধজাহাজ আমাদের ভীত করে না, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাদ দেব না

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

ইরানের ওপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তবুও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাদ দেবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ মোতায়েন ইরানকে ভীত করে না বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানী তেহরানে একটি সম্মেলনে আরাগবি বলেন, “ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য অনেক দাম দিতে হয়েছে। আমরা কেন (তাদের কথায়) সমৃদ্ধকরণের ওপর এত জোর দেব, এমনকি তারা আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়ও? কারণ আমাদের চালানোর অধিকার কারও নেই।”

গত শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকোফের সঙ্গে পরোক্ষ বৈঠক করেন আরাগচি। এর দুদিন পরই তিনি এমন কথা বললেন।যুক্তরাষ্ট্রের জাহাজ ইরানকে ভীত করে না উল্লেখ করে আব্বাস আরাগচি বলেন, “এ অঞ্চলে তাদের সামরিক যুদ্ধজাহাজ মোতায়েন আমাদের ভীত করে না।”

যুক্তরাষ্ট্রের কথায় যদি ইরান চুক্তি না করে তাহলে তাদের ওপর হামলা চালানো হবে বলে অসংখ্যবার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহম লিংকনসহ একাধিক যুদ্ধজাহাজ ইরানের কাছে নিয়ে এসেছেন তিনি।

গত বছরের জুনে ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। যদিও ট্রাম্প তখন দাবি করেছেন তেহরানের পরমাণূ কর্মসূচি পুরোপুরি নিঃশেষ করে দিয়েছেন, কিন্তু তিনি এখন আবার চুক্তি করতে চাইছেন।