বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মার্কিন নৌবাহিনীর নিরাপত্তায় হরমুজ প্রণালি পেরোল মেয়ারস্কের জাহাজ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে ডেনমার্কভিত্তিক শিপিং কোম্পানি মেয়ারস্কের একটি বাণিজ্যিক জাহাজ। মার্কিন নৌবাহিনীর নিরাপত্তা প্রহরায় সোমবার জাহাজটি নিরাপদে প্রণালি পেরিয়ে পারস্য উপসাগর ত্যাগ করে।

মঙ্গলবার এক বিবৃতিতে মেয়ারস্ক কর্তৃপক্ষ জানায়, ‘অ্যালায়েন্স ফেয়ারফ্যাক্স’ নামের জাহাজটি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং জাহাজের সব ক্রু সদস্য নিরাপদে রয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনা শুরুর পর হরমুজ প্রণালি বন্ধ হয়ে যায়। সে সময় প্রণালি অতিক্রমের প্রস্তুতিতে থাকা এই জাহাজটি পারস্য উপসাগরে আটকা পড়ে। প্রায় ৬৭ দিন সেখানে অবস্থান করার পর পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা নিশ্চিত করে যাত্রার অনুমোদন দেওয়া হয়।

মেয়ারস্ক জানায়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণের পরই জাহাজটি প্রণালি পার হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সহায়তার জন্য মার্কিন নৌবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে কোম্পানিটি।

বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্য পরিবহন করা হয়। সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এই রুটে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় আন্তর্জাতিক শিপিং খাতেও উদ্বেগ তৈরি হয়েছে।