শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মান্দায় বিবাদমান জমির তালগাছ কাটাকে কেন্দ্র করে নিহত যুবকের দাফন সম্পন্ন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

নওগাঁর মান্দায় বিবাদমান জমির তালগাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের অতর্কিত হামলায় নিহত যুবকের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার গণেশপুর ইউনিয়নের উত্তর পারইল গ্রামের পুকুরপাড়ার ওই বিবাদমান জমিতেই দাফন করা হয় তাকে। নিহত নাসির উদ্দিন(৪৫) উত্তর পারইল গ্রামের নূর মুহাম্মদ মন্ডলের ছেলে এবং গণেশপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের ২১ নং সদস্য। গত সোমবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি ।

এর আগে গত ১৩ এপ্রিল (শনিবার) সকাল সাড়ে ৯ টার দিকে বাড়ির পূর্ব পার্শ্বে (পারইল মৌজার ৩৬৪ খতিয়ানের ৩৩৩ দাগের ১৭ শতক) বিবাদমান জমির একটি তালগাছ কাটার সময় পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে এসে সংঘবদ্ধভাবে অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এতে উত্তর পারইল গ্রামের নূর মুহাম্মদ মন্ডলের ছেলে নাসির উদ্দিন (৪৫) ও আব্দুল হামিদ (৪৯), নাতী আব্দুস সালাম (২৫), ভাতিজা আব্দুল কুদ্দুস (২৬), জামাই আব্দুল মালেক ওরফে অস্তুর (৩৫) এবং ছেলে আব্দুল হামিদের স্ত্রী আঙ্গুর বিবি (৪২)। পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন।

এসময় নাসির উদ্দিনের শারিরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে তাকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করার জন্য পরামর্শ দেন। এরপর সেখানে ১০ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে মৃত্যুবরণ করেন তিনি। অপরদিকে,ঘটনার পর থেকে অভিযুক্তরা সবাই পলাতক থাকায় তাদের মন্তব্য পাওয়া যায় নি।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক কাজী বলেন,এঘটনায় নিহতের বড়ভাই আব্দুল হামিদ বাদী হয়ে উত্তর পারইল গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে আশরাফ আলী (৫৫), মৃত ওমর আলীর ছেলে আহাম্মদ আলী (৩৫), আশরাফ আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক(২৬),নাজমুল হক (২২) ও নাদেরুজ্জামান (১৯), জসিম উদ্দিনের ছেলে আব্দুল মজিদ,মৃত আবু বক্কর শাহ্ এর ছেলে সামসুল ইসলাম (৬০) এবং আশরাফ আলীর জামাই সোহাগ হোসেন (৪০) এর বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধে মান্দা থানায় একটি এজাহার দায়ের করেন। ওই এজাহারের প্রেক্ষিতে আহাম্মদ আলীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। পরবর্তীতে আহাম্মদ আলীসহ অন্যান্য আসামীরা আগাম জামিন নিয়েছেন বলে জেনেছি। বর্তমানে ওই মামলাটিতে ৩০২ ধারা যুক্ত হবে। তবে, একই গ্রামের আশরাফ আলী গংরাও আদালতে একটি মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।