শুক্রবার , ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১০ই সফর, ১৪৪৮ হিজরি

মানিকগঞ্জ সদর থানার ওসির কক্ষে আগুন, পুড়ে গেল টিভি-এসি-আসবাবপত্র

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে টিভি, এসি, আলমারি, সোফাসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে সদর থানার ওসির কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আজম আলী জানান, বিকেল ৩টা ৫০ মিনিটে আগুনের খবর পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, প্রয়োজনীয় কাজে অফিস থেকে বের হওয়ার প্রায় ১০ মিনিট পর তার কক্ষে আগুন লাগে। তিনি জানান, প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণেই আগুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে তার কক্ষের প্রায় সব মালামাল পুড়ে গেছে।

আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে।