বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মানহানি মামলায় হাইকোর্টের নির্দেশ,বড় স্বস্তি পেলেন সালমান খান

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১২ জুন, ২০২৬

বলিউডের জনপ্রিয় তারকা Salman Khan-এর প্যানভেল ফার্মহাউসকে ঘিরে দীর্ঘদিনের আইনি বিরোধে নতুন মোড় এসেছে। মানহানি মামলায় বম্বে হাইকোর্ট থেকে বড় ধরনের স্বস্তি পেয়েছেন এই অভিনেতা।

সম্প্রতি বম্বে হাইকোর্টের একক বেঞ্চ তার প্রতিবেশী কেতন কক্কড়কে নির্দেশ দিয়েছে, সালমান খানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা সব ধরনের বিতর্কিত পোস্ট ও ভিডিও অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।

বিচারপতি শর্মিলা দেশমুখের বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে, ব্যক্তিগত বা সম্পত্তি সংক্রান্ত বিরোধের সমাধান সামাজিক মাধ্যমে নয়, বরং আদালতের মাধ্যমে হওয়াই উচিত। আদালত আরও মন্তব্য করে যে, বিচারাধীন বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক ছড়ানো গ্রহণযোগ্য নয় এবং এটি জনমতকে বিভ্রান্ত করতে পারে।

মহারাষ্ট্রের রায়গড় জেলার প্যানভেলে অবস্থিত সালমান খানের বিলাসবহুল ‘অর্পিতা ফার্মস’-এর পাশের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী কেতন কক্কড় দাবি করেন, ফার্মহাউস নির্মাণের সময় নিয়ম লঙ্ঘন করা হয়েছে এবং তার জমিতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, তার জমির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং সম্পত্তির কিছু অংশ ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এমনকি জোরপূর্বক জমি দখলের অভিযোগও তুলেছেন তিনি।

অন্যদিকে সালমান খানের আইনজীবীরা এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাদের বক্তব্য, সংশ্লিষ্ট জমি সংক্রান্ত মূল লেনদেনই ছিল অবৈধ, যার কারণে তা পরবর্তীতে বাতিল করা হয়।

আদালতের এই সাম্প্রতিক নির্দেশে দীর্ঘদিনের বিতর্কে অভিনেতা কিছুটা আইনি স্বস্তি পেলেন বলে মনে করা হচ্ছে।