বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১২

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

মাদারীপুরের ঢাকা–বরিশাল মহাসড়কের মেলকাই বালিগ্রাম এলাকায় বিআরটিসি ও সোহাগ পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ডাসার থানাধীন ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলা বাস দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিআরটিসি বাসের অজ্ঞাত পরিচয় চালক এবং সড়ক দিয়ে চলাচলরত এক ভ্যানচালক নিহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন, লালপুর নাটোরের কামরুল ইসলামের স্ত্রী আজমিনা (৪০), সিরাজুল ইসলামের ছেলে জয়নুল (২৩), সালাম ইসলামের ছেলে তুহিন (২০), পাবনার চাটমোহর থানার বাবুন গ্রামের আব্দুল আজিতের ছেলে রাসেল (২২)। পাবনার রামান্দপুরের মৃত আলিমুদ্দিন শেখের ছেলে আব্দুল কাদের (৬৫)। বরগুনার তালতলী বড় পাড়ার রবিউল ইসলাম (৩৭)। কুষ্টিয়া ভেড়ামারার শের আলীর ছেলে সাদেক (৬০)।

এছাড়া অজ্ঞাত পরিচয়ে আরও কয়েকজন ব্যক্তি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, এ দুর্ঘটনায় অজ্ঞাতনামা দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।