বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ জুন, ২০২৬

রাজধানীর ওসমানী স্মৃতি উদ্যানে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, মাদক একজন ব্যক্তির জীবনই নয়, পরিবার, সমাজ ও জাতীয় অর্থনীতির ওপরও ভয়াবহ প্রভাব ফেলে। সাম্প্রতিক এক গবেষণার তথ্য তুলে ধরে তিনি জানান, দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক গ্রহণ করেন, যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ।

মন্ত্রী আরও বলেন, মাদক পাচারকারী চক্র এখন প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও এনক্রিপটেড যোগাযোগব্যবস্থা ব্যবহার করে তারা তরুণদের টার্গেট করছে। এই বাস্তবতায় মাদকের অপব্যবহার রোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সরকার এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং সেই অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি জানান, সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে বিলবোর্ড, শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া সরকারি ও বেসরকারি পর্যায়ে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থার মানোন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।