রবিবার , ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই সফর, ১৪৪৮ হিজরি

মাগরিবের পর শিক্ষার্থীদের বাইরে না থাকার আহ্বান! ফেনী জেলা প্রশাসনের নতুন উদ্যোগ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কিশোর অপরাধ, মাদকাসক্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে ফেনী জেলা প্রশাসন। এর অংশ হিসেবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের মাগরিব বা সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের ওপর নজরদারি বাড়ানোর অনুরোধ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে ফেনীর জেলা প্রশাসক মনিরা হক বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসন জানিয়েছে, এই উদ্যোগের আওতায় শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে অবস্থান বা ঘোরাফেরা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ বিষয়ে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তি এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতাও কামনা করা হয়েছে।

জেলা প্রশাসক মনিরা হক বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে বারবার কিশোর অপরাধের বিষয়টি উঠে এসেছে। দেখা গেছে, অনেক শিক্ষার্থী পড়াশোনার বদলে অপ্রয়োজনে বাইরে সময় কাটাচ্ছে, যার একটি অংশ পরে মাদকের সংস্পর্শেও জড়িয়ে পড়ছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এটি কোনো দমনমূলক সিদ্ধান্ত নয় এবং শিক্ষার্থী বাইরে বের হলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে—এমন নয়। মূল উদ্দেশ্য হলো কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানো, অভিভাবকদের আরও সচেতন করা এবং শিক্ষার্থীদের অপ্রয়োজনে রাতের বেলায় বাইরে ঘোরাফেরা নিরুৎসাহিত করা।

জেলা প্রশাসন জানিয়েছে, শুক্রবার (১৭ জুলাই) থেকেই এ বিষয়ে সচেতনতামূলক মাইকিং শুরু হয়েছে। পাশাপাশি প্রশাসনের তদারকি দল মাঠে কাজ করবে এবং পুলিশও বিষয়টি নজরদারিতে রাখবে।