রাশিয়ার রাজধানী মস্কোর বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে ইউক্রেন রোববার রাতভর ৬০টি বিস্ফোরকবাহী সামরিক ড্রোন হামলা চালিয়েছে। তবে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে মস্কো কর্তৃপক্ষ।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, ইউক্রেন থেকে আসা সব ড্রোন ধ্বংস করা হয়েছে এবং রাজধানীর বিভিন্ন স্থানে পড়ে থাকা ধ্বংসাবশেষ অপসারণের কাজ চলছে।
নিরাপত্তার স্বার্থে মস্কোর আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে শেরেমেতিওভো, দোমোদেদোভো, ভনুকোভো ও ঝুকোভস্কি—রাজধানীর চারটি প্রধান বিমানবন্দরের কার্যক্রমও অস্থায়ীভাবে স্থগিত রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিমানবন্দরগুলোর কার্যক্রম পুনরায় চালু করা হয়।
সাম্প্রতিক সময়ে রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে ইউক্রেন। গত সপ্তাহেও মস্কোর একমাত্র তেল শোধনাগার লক্ষ্য করে দুই শতাধিক ড্রোন হামলা চালানো হয়েছিল। তবে সেবারও সব ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল রুশ প্রতিরক্ষা বাহিনী।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে রাজধানী মস্কোকে লক্ষ্য করে এ ধরনের হামলা নতুন উদ্বেগ সৃষ্টি করেছে এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও কঠোর করেছে রাশিয়া।