ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে ২৪ শিশু ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭২ শিশু।
রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত এই নতুন ভর্তি শিশুর সংখ্যা নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২৪৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১৭০ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ৬ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১৫ শিশু।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুইজন করে হামের লক্ষণ নিয়ে শিশু বিভাগে ভর্তি শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বেড়ে যায়।
বর্তমানে রোগীদের জন্য হাসপাতালের ৬৪ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম রোগীদের চিকিৎসা দিচ্ছে। আজ সকাল পর্যন্ত ৬৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন ২৪ শিশু ভর্তি হয়েছে এবং এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।