বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ময়মনসিংহে হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

স্বর্ণের দাম নিয়ে বাকবিতণ্ডার জের ধরে ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইয়ের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২২ অক্টোবর) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস আসামিদের অনুপস্থিতে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- গৌরীপুর উপজেলার বাড়িওয়ালাপাড়ার এলবার্ট ডেবিট বাদলের দুই ছেলে এলবার্ট ডেবিট রকি (২৫) ও এলবার্ট ডেবিট সেন্টু (৪০)।

আদালতের পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান রায়ের সত‍্যতা নিশ্চিত করে মামলার বরাত দিয়ে জানান, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় গৌরীপুর পাটবাজারে টিপু সুলতান জুয়েলার্সে স্বর্ণের দাম নিয়ে দণ্ডপ্রাপ্তদের সঙ্গে বাকবিতণ্ডা হলে দোকানির চাচাতো ভাই জহিরুল ইসলাম মিঠু বিষয়টি সমাধানে এগিয়ে আসেন। এ সময় দণ্ডপ্রাপ্ত এলবার্ট ডেবিট রকি ও তার ভাই এলবার্ট ডেবিট সেন্টু বাকবিতণ্ডার একপর্যায়ে সেন্টু ধারালো চাকু দিয়ে মিঠুর বুকে আঘাত করে পালিয়ে যান। এ ঘটনায় স্থানীয়রা গুরুতর অবস্থায় মিঠুকে প্রথমে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরদিন জহিরুল ইসলাম মিঠুর বাবা মো. মোখলেছুর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় হত‍্যা মামলা করেন। ওই মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা ও তর্ক শেষে বিজ্ঞ আদালত এ রায় দেন।