বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ময়মনসিংহে বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২২ শিশু

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহে আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে হামের প্রকোপ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এর হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৭৮ জন শিশু, যা পরিস্থিতিকে নতুন করে চিন্তার কারণ হিসেবে দেখা হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৯টা থেকে বুধবার (৮ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত সময়ে এসব শিশু ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২৯৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ২১৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, তবে দুঃখজনকভাবে ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৪ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরু থেকে হাসপাতালে হামের লক্ষণ নিয়ে রোগী ভর্তি হওয়া শুরু হলেও তা ছিল সীমিত আকারে। তবে মার্চের মাঝামাঝি সময় থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে, যা বর্তমানে একটি উল্লেখযোগ্য স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে।

হাসপাতালের শিশু বিভাগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম দিন-রাত কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত পরীক্ষায় ৭০ জন শিশুর শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ২২ শিশু ভর্তি হলেও এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, যা কিছুটা স্বস্তির বিষয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো সংক্রামক রোগ দ্রুত ছড়াতে পারে, বিশেষ করে শিশুদের মধ্যে। তাই অভিভাবকদের সচেতন থাকা, সময়মতো টিকা গ্রহণ এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলা এবং স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেওয়া হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।