বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ময়মনসিংহে প্রিজাইডিং ও পোলিং অফিসার বরখাস্ত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

ময়মনসিংহ- ১১ (ভালুকা) আসনে প্রকাশ্যে ভোট প্রদানে বাঁধা না দেওয়ার অভিযোগে একজন সহকারী প্রিজাইডিং অফিসার এবং দুইজন পোলিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কংশেরকূল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিরুনীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রতিটি বুথে এজেন্ট পরিচয়ে বসে আছে কয়েকজন যুবক। কিন্তু তাদের পরিচয়পত্রে লিখা নেই নিজের নাম বা কোন প্রার্থীর এজেন্ট। শুধু প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর দেওয়া আছে।

বিরুনীয়া কেন্দ্রের প্রিজাইডং অফিসার মুজিবুর রহমান বলেন, আসলে আমি একটু অসুস্থবোধ করছিলাম তাই খেয়াল করিনি। এ সময় সংবাদকর্মীদের সামনেই এজেন্টদেরকে নিজেদের প্রতীকের নাম লিখতে অনুরোধ করেন তিনি।

ময়মনসিংহ-১১ ভালুকা আসনের হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মোর্শেদ আলম বলেন, অনেক কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে এগুলো করছে ধানের শীষের প্রার্থীর সমর্থকরা। এটা প্রহসনের নির্বাচন।

এদিকে উপজেলার কংশেরকূল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হরিণ প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া ও প্রকাশ্যে ভোট দেওয়ায় সহকারী প্রিজাইডিং ও দুইজন পোলিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ফিরোজ হোসেন বলেন, প্রকাশ্যে ভোট প্রদানে বাঁধা না দেওয়ার কংশেরকূল উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী প্রিজাইডিং ও দুইজন পোলিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে।