বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ময়মনসিংহে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

ময়মনসিংহে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরীর ভাটি বাড়েরা বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত অটোচালক মাসুদ মিয়া (৩৮) ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান এলাকার খোরশেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেল চারটার দিকে ময়মনসিংহ শহরের আকুয়া এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয় মাসুদ। রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরীর ভাটি বাড়েরা এলাকার বাইপাস রোডে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠায়।এদিকে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা রাত ২টার দিকে ঘটনাস্থল ও মেডিকেলের মর্গ থেকে আলামত সংগ্রহ করে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত মাসুদ মিয়াকে বাড়েরা এলাকার বাইপাস সড়ক থেকে নটরডেম কলেজ সড়কের পাশের নির্জন স্থানে নিয়ে কুপিয়ে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রক্তাক্ত অবস্থায় মাসুদ দৌড়ে বাইপাস সড়কে এসে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।