বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ময়মনসিংহে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ জুন, ২০২৬

ময়মনসিংহের আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় চলন্ত বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি আঠারবাড়ি স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। পরে আগুন লাগার ঘটনায় ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। নতুন ইঞ্জিন সংযুক্ত করে ট্রেনটি ময়মনসিংহে নিয়ে আসার পর চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

এর আগে একই দিনে গফরগাঁও উপজেলার শহীদনগর পশ্চিম গোলাবাড়ি বাজার এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়। পরে প্রায় দুই ঘণ্টা পর সেটি মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। ফলে একদিনে দুই দফা সমস্যায় ঢাকা-ময়মনসিংহ ও চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।