অভিনয়ের ব্যস্ততার মধ্যেও নিজের জন্য সময় বের করে নিতে ভুল করেন না জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। কাজের ফাঁকে সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন তিনি। সম্প্রতি নীলাভ স্বচ্ছ জলের দেশ মালদ্বীপে রোমাঞ্চকর ভ্রমণ শেষে সেই অভিজ্ঞতার কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে কেয়া পায়েলকে কখনো সমুদ্রের নির্মল বাতাস উপভোগ করতে, কখনো সৈকতে ঘুরে বেড়াতে এবং কখনো প্যারাসেইলিং করতে দেখা গেছে। পাশাপাশি স্কুবা ডাইভিংয়েরও অভিজ্ঞতা নিয়েছেন তিনি।
ভ্রমণের নানা স্মৃতি নিয়ে তৈরি ভিডিওটির ক্যাপশনে কেয়া পায়েল লিখেছেন, ‘মন যেটা চায়, সেটাই করো। জীবন তো একটাই।’
অভিনেত্রীর এই বক্তব্যের সঙ্গে অনেকেই একাত্মতা প্রকাশ করেছেন। তবে কেউ কেউ মন্তব্য করেছেন, ইচ্ছেমতো জীবন উপভোগ করতে আর্থিক স্বচ্ছলতাও প্রয়োজন।
এদিকে গত কয়েক দিনে মালদ্বীপ ভ্রমণের আরও বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন কেয়া পায়েল। এরই মধ্যে অন্য একটি উৎস থেকে ছড়িয়ে পড়া ভিডিওতে মালদ্বীপের একটি অভিজাত রেস্তোরাঁয় এক যুবকের সঙ্গে তাকে দেখা যায়। সেখানে অভিনেত্রীকে ওই যুবককে খাবার খাইয়ে দিতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন তৈরি হলেও এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি কেয়া পায়েল।