বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএস-পিএসদের মূল বেতন বাড়িয়ে ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ জুন, ২০২৬

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) মূল বেতন বৃদ্ধি করেছে সরকার। অর্থ বিভাগের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এসব পদে সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মূল বেতন হবে ৩২ হাজার ৫৪০ টাকা।

সম্প্রতি এ সংক্রান্ত মতামত দিয়ে অর্থ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়-এর সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। এর আগে গত ৩১ মার্চ এ বিষয়ে মতামত চেয়ে অর্থ বিভাগে চিঠি দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

বর্তমানে এসব পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেডে বেতন পেতেন, যেখানে মূল বেতন ছিল ২২ হাজার টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তাদের বেতন নবম গ্রেডের অষ্টম ধাপে পুনর্নির্ধারণ করে ৩২ হাজার ৫৪০ টাকা করা হয়েছে। ফলে মূল বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে।

অর্থ বিভাগের চিঠিতে বলা হয়েছে, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর (সমমর্যাদাসহ) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রীর (সমমর্যাদাসহ) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত একান্ত সচিবদের জন্য এই বেতন কাঠামো প্রযোজ্য হবে। তবে এটি নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে কার্যকর হবে।

শর্ত অনুযায়ী, নির্ধারিত মূল বেতনের বাইরে কোনো ধরনের বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট পাওয়া যাবে না। তবে প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা প্রযোজ্য হবে। একই সঙ্গে তারা পেনশন, আনুতোষিক কিংবা ভবিষ্য তহবিলের (প্রভিডেন্ট ফান্ড) সুবিধা পাবেন না।

অর্থ বিভাগ আরও স্পষ্ট করেছে যে, এই বেতন কাঠামো শুধুমাত্র সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত এপিএস ও পিএসদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সরকারি চাকরিতে কর্মরত কোনো কর্মকর্তা এসব পদে দায়িত্ব পালন করলে তাদের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধি ও বেতন কাঠামো বহাল থাকবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই সিদ্ধান্তের ফলে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত দপ্তরে দায়িত্ব পালনকারী অস্থায়ী কর্মকর্তাদের আর্থিক সুবিধা বৃদ্ধি পাবে এবং এসব পদে দক্ষ জনবল আকৃষ্ট করা সহজ হবে।