বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মধ্যপ্রাচ্য ইস্যুতে উদ্বেগ জানালেন জামায়াত আমির, সংযম ও কূটনীতির আহ্বান

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের প্রেক্ষাপটে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ইরানে সামরিক হামলা এবং এর পরবর্তী সময়ে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সংঘাতের বিপজ্জনক বিস্তারকে নির্দেশ করছে। এতে সমগ্র অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিবৃতিতে তিনি জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী যেকোনো হামলার নিন্দা জানান। একই সঙ্গে তিনি অঞ্চলে ইসরায়েল–এর কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষ্য মতে, এসব পদক্ষেপ উত্তেজনা বৃদ্ধি করছে, সংলাপের পথ সংকুচিত করছে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে দুর্বল করছে।

অন্যদিকে, উপসাগরীয় ও আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইরানের পাল্টা হামলাকেও তিনি অকার্যকর ও পরিস্থিতি অবনতিকারী বলে উল্লেখ করেন। এ ধরনের সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলেও তিনি মত দেন। সংঘাতের বিস্তার নিরীহ মানুষের দুর্ভোগ বাড়াবে এবং মুসলিম বিশ্বে অস্থিরতা আরও গভীর করবে বলে মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আন্তর্জাতিক আইন উপেক্ষা করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্য করে হত্যাকাণ্ডের প্রবণতা উদ্বেগজনক। এ ধরনের ঘটনা বৈশ্বিক নীতিমালা দুর্বল করে এবং অঞ্চলকে দীর্ঘস্থায়ী বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারে।

তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সামরিক তৎপরতা বন্ধ করে সংলাপ ও কূটনীতির পথে ফিরে আসার আহ্বান জানান। পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি। পূর্ণাঙ্গ কনস্যুলার সহায়তা ও প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন জামায়াত আমির।

রক্তপাত বন্ধ ও আঞ্চলিক শান্তি রক্ষায় ঐক্য, প্রজ্ঞা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে বিবৃতি শেষ করেন তিনি।