মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রোববার (১৮ জানুয়ারি) ১৪৪৭ হিজরি সনের শাবান মাসের চাঁদ খুঁজে দেখা হবে। এই অঞ্চলে আজ রজবের ২৯তম দিন চলছে। ইসলামি ক্যালেন্ডারে শাবান মাসের ১৫তম রাতে শবে বরাত পালিত হয়। তবে আরব দেশগুলোতে দক্ষিণ এশিয়ার মতো এই রাতে বড় কোনো আয়োজন দেখা যায় না।
গালফ টুডে জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ শাবানের অর্ধচন্দ্র দেখা যাবে না। আজ শাবানের চাঁদ জন্ম নিলেও সূর্যাস্তের আগেই এটি অস্তগামী হবে। ফলে কোনোভাবেই খালি চোখে চাঁদ দেখা সম্ভব নয়।
অন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মেদ শওকত ওদেহ জানিয়েছেন, কাল সোমবার খালি চোখে চাঁদ দেখা যেতে পারে। বাংলাদেশ, পাকিস্তান, ওমান, জর্ডান, সিরিয়া, লিবিয়া, মরক্কো, মৌরিতানিয়া ও আলবেনিয়াতেও টেলিস্কোপের মাধ্যমে কাল শাবানের চাঁদ দেখা যেতে পারে।
যেহেতু শাবান মাসের ১৫ তারিখে শবে বরাত পালিত হয়, তাই মধ্যপ্রাচ্যে এটি ৩ ফেব্রুয়ারি হতে পারে। বাংলাদেশেও যদি কাল শাবানের চাঁদ দেখা যায়, তাহলে শবে বরাত ৩ ফেব্রুয়ারি রাতে পালন করা হবে। তবে চাঁদ দেখা না গেলে এ রাত হবে ৪ ফেব্রুয়ারি।