বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার : নুরুল হক নুর

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ মার্চ, ২০২৬

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

রোববার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

নুরুল হক নুর বলেন, গতকালকেই প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে দিক-নির্দেশনা দিয়েছেন। ফরেন মিনিস্ট্রিকে এর সাথে কানেক্ট (যুক্ত) করে জয়েন্টলি (যৌথভাবে) কাজ করে প্রথমত আমাদের দেশের নাগরিক যারা এসব দেশগুলোতে আছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ের জন্য সহযোগিতা করা, তাদেরকে সচেতন এবং সতর্ক করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, এখন পর্যন্ত উল্লেখযোগ্য খুব বড় ধরনের ক্ষতি আমাদের দেশের নাগরিকদের হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি। কুয়েতে একটি ড্রোন হামলায় আমাদের দেশের ৪ জন নাগরিক আহত হয়েছেন এবং আজকে দুবাইয়ে কাউন্সিলের ফার্স্ট সেক্রেটারির বাসার সামনে একটি মিসাইলের বোধ হয় কিছু আক্রমণের ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের ফার্স্ট সেক্রেটারি তিনি অক্ষত আছেন। কিন্তু আমাদের যে ৪ শ্রমিক তারাও তেমন গুরুতর না, তবে আহত হয়েছেন।

ফ্লাইট পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গতকাল রাতে আমাদের মধ্যপ্রাচ্যগামী কয়েকটি ফ্লাইট বন্ধ হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে সিভিল এভিয়েশনের সহযোগিতায় প্রায় সাড়ে ৮০০ লোককে আমরা রাতে থাকার ব্যবস্থা করে দিয়েছি।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, আজকে কিছু কিছু জায়গায় হয়তো কিছু ফ্লাইট মুভ করতে পারে। কিন্তু আমরা সম্মানিত নাগরিকদের বলব, সময়ের চেয়ে অর্থের চেয়ে আমাদের জীবনের মূল্য অনেক বেশি। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন সরকারের পক্ষ থেকে দিকনির্দেশনা দেওয়া হবে সে পর্যন্ত তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে।

মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, আমাদের দেশের যারা নাগরিক এই দেশগুলোতে আছেন আপাতত তারা যেটা করতে পারেন, সামরিক স্থাপনা যেসকল এলাকায় আছে সেই সমস্ত এলাকাগুলো থেকে একটু দূরে থাকা, পরিচিতজনদের মাধ্যমে একটি নিরাপদ আস্থয়স্থলে থাকা। কারণ পরিচিতজনরা অনেকে জানে যে মধ্যপ্রাচ্যের এই সমস্ত এলাকাগুলোতে কোন জায়গায় বোম্বিং হয়, সেগুলো এড়িয়ে একটি নিরাপদ আশ্রয়স্থলে আশ্রয় নেওয়া। যেকোনো পরিস্থিতির জন্য ওই সমস্ত দেশের একটা ডকুমেন্ট যেমন আইডি কার্ড, হেলথ কার্ড এগুলা সাথে রাখা এবং কিছু খাবার ও অর্থ সাথে রাখা। গুরুতর কোন অসুবিধায় পড়লে আমাদের অ্যাম্বাসির সাথে যোগাযোগ করা উচিত।

নুরুল হক নুর বলেন, উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটগুলো ইতোমধ্যে হটলাইন নম্বর চালু করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ফেসবুক পেজেও নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে। ফলে দেশে ও বিদেশে অবস্থানরত নাগরিকরা সহজেই সর্বশেষ তথ্য জানতে পারছেন। সরকারের কমিটমেন্ট অনুযায়ী প্রধানমন্ত্রীর সহযোগিতায় প্রবাসী নাগরিকদের সর্বোচ্চ সুরক্ষা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি