রাজধানীর মতিঝিল ও কমলাপুর-এ অবস্থিত অটোমোবাইল ওয়ার্কশপগুলো উচ্ছেদ না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি।
রোববার (১২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।
সংগঠনটি জানায়, তাদের অধিভুক্ত ১৭২টি ওয়ার্কশপ দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে ওই এলাকায় কার্যক্রম পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠান শুধু ব্যবসা নয়, বরং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবেও কাজ করছে, যেখানে দক্ষ শ্রমিক তৈরি হচ্ছে এবং অনেকে বিদেশে গিয়ে রেমিট্যান্স অর্জন করছেন।
তারা আরও দাবি করে, এসব ওয়ার্কশপ নিয়মিতভাবে ভ্যাট ও কর প্রদান করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। হঠাৎ উচ্ছেদ করা হলে হাজারো শ্রমিক ও তাদের পরিবার অনিশ্চয়তায় পড়বে এবং দেশের পরিবহন ও যোগাযোগ খাতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, উচ্ছেদ কার্যক্রম হলে আগে পর্যাপ্ত সময় দিয়ে পরিকল্পিত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে বাস্তবতা বিবেচনায় নিয়ে বর্তমান উচ্ছেদ পরিকল্পনা স্থগিত রাখার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।