বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু, তদন্তে পুলিশ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৭ মে, ২০২৬

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৭ মে) সকালে হাসপাতাল সূত্র ও পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। তবে কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মারা যাওয়া শিশুদের বয়স আনুমানিক এক থেকে দুই দিন। তারা হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিল। ঘটনার পরপরই থানা পুলিশ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে পৌঁছান এবং বিষয়টি তদন্ত শুরু করেন।

শেখ জাহিদুল ইসলাম বলেন, হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে হাসপাতালের প্রশাসনিক পরিচালক তারিকুল ইসলাম মুকুল জানান, রাতে ঘটনাটি ঘটেছে বলে তিনি জেনেছেন। হাসপাতালে পৌঁছে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

ঘটনাটি ঘিরে হাসপাতালজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নবজাতকদের মৃত্যুর কারণ জানতে চিকিৎসক, হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালাচ্ছে।