মঙ্গলবার , ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে নতুন সামরিক জোট ‘মক্কা চুক্তি’ স্বাক্ষরের পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। শুক্রবার সৌদি আরবে স্বাক্ষরিত এই চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে সেটিকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে এবং সম্মিলিতভাবে প্রতিক্রিয়া জানানো হবে।

ধারণা করা হচ্ছে, ইরান ও তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্ভাব্য হামলা প্রতিরোধে এই প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা হয়েছে। তবে তুরস্ক দাবি করেছে, ‘মক্কা চুক্তি’ কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে নয়; বরং সদস্য দেশগুলোর যৌথ নিরাপত্তা ও প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্সির কমিউনিকেশন্স ডিরেক্টর বুরহানেত্তিন দুরান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, এই চুক্তির মূল লক্ষ্য আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করা।

অন্যদিকে চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে একটি কাগুজে চুক্তি সৌদি আরবকে নিরাপত্তা দিতে পারবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের একপাক্ষিক সম্পর্কও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।”

তিনি আরও বলেন, “সৌদি আরব যদি সত্যিকারের নিরাপত্তা চায়, তাহলে তাদের নিজেদের নীতিতে পরিবর্তন আনতে হবে— অন্যদের কাছে নিরাপত্তা ভিক্ষা চেয়ে নয়।”