বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভোটের মাধ্যমেই চাঁদাবাজ-সন্ত্রাসের অবসান হবে, ১২ ফেব্রুয়ারি শেষদিন : নাহিদ ইসলাম

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাধ্যমেই চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি হবে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের শেষদিন

রোববার (২৫ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনী এলাকায় ভোটের প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে তার কর্মী-সমর্থকদের ভয়ভীতি ও চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। তবে এসব অপচেষ্টা ব্যর্থ হচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, “জনগণ এখন সচেতন। ভয় দেখিয়ে বা সন্ত্রাসের মাধ্যমে আর রাজনীতি করা যাবে না।”

ভোটারদের উদ্দেশে তিনি নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “যাকেই ভোট দেবেন, ভেবেচিন্তে দেবেন। কারণ এবারের নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণ করবে।”

এনসিপির আহ্বায়ক আরও বলেন, কোনো প্রলোভন, সুবিধা কিংবা মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হতে ভোটারদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, “যোগ্য প্রার্থীকে ভোট দিন—যিনি সত্যিকার অর্থেই এলাকা ও দেশের পরিবর্তন ঘটাতে পারবেন।”

প্রচারণাকালে নাহিদ ইসলাম একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশাও ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত হলেই দেশে সুশাসন ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা সম্ভব।