বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই : বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই : বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের দাম ব্যবসায়ীরা হুট করে লিটার প্রতি ৯ টাকা বাড়ানোর সিদ্ধান্তটির আইনগত ভিত্তি নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (৩ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তেলের দাম বাড়াতে ব্যবসায়ীরা সরকারের কোনো সম্মতি নিয়েছে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের কেনো সম্মতি নেয়নি। আমাদের সঙ্গে তাদের কোনো কথা হয়নি। আমরা এখন আন্তঃমন্ত্রণালয় একটি বৈঠক করেছি। বৈঠক শেষে এ বিষয়ে আমাদের পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবো। সব কোম্পানি সামগ্রিকভাবে একত্রিত হয়ে তেলের দাম বাড়িয়েছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

এখন সরকার কী করবে জানতে চাইলে তিনি বলেন, আমরা আলোচনা করে কর্মপন্থা ঠিক করবো। তারা যে কর্মকাণ্ড করেছে, তার কোনো আইনগত ভিত্তি নেই।

তিনি বলেন, গতকালও ক্রয় কমিটিতে পঞ্চাশ লাখ লিটার সয়াবিন ও এক কোটি লিটার রাইস ব্র্যান তেল কেনার অনুমোদন দিয়েছি।

এর আগে কোনো ঘোষণা ছাড়াই নীরবে ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। এবার এক লাফে লিটারে বাড়ানো হয়েছে ৯ টাকা। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। ভোক্তা-সংশ্লিষ্টরা বলছেন, আগাম ঘোষণা ছাড়া এভাবে কূটকৌশলে দাম বাড়ানো চরম অন্যায়। সরকারের সংশ্লিষ্টদের উচিত বিষয়টি খতিয়ে দেখা।