বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ৫১ হাজার নিখোঁজ, বেঁচে ফেরার ‘গোল্ডেন পিরিয়ড’ শেষের পথে

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ জুন, ২০২৬

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর উদ্ধার অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার ‘গোল্ডেন পিরিয়ড’ শেষের পথে। সাধারণত ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারের সম্ভাবনা এই সময়ের মধ্যেই সবচেয়ে বেশি থাকে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ৫১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন অথবা আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যায় প্রথমে ৭.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৪০ সেকেন্ড পর ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের লা গুইরা অঞ্চল।

সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ভূমিকম্পে অন্তত ৯২০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পরিস্থিতির অবনতি হওয়ায় লা গুইরা এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সীমিত করেছে স্থানীয় প্রশাসন। এখন সেখানে প্রবেশের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হবে বলে জানানো হয়েছে।

এদিকে বড় দুই ভূমিকম্পের পরও দেশটিতে একের পর এক আফটারশক (পরাঘাত) অনুভূত হচ্ছে। এসব ছোট ছোট ভূমিকম্প উদ্ধারকাজকে আরও ঝুঁকিপূর্ণ ও কঠিন করে তুলছে।