ভেনেজুয়েলায় ৭ মাত্রার বেশি শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে পৌঁছেছে। আহত হয়েছেন এক হাজার ৫ শতাধিক মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহরের ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় ২৪ জুন বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে হওয়া এই দুই ভূমিকম্পকে দেশটির ইতিহাসের অন্যতম সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, পর্যাপ্ত লোকবল ও ভারী উদ্ধার সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ফলে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা অনেককে সময়মতো উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাস ও উপকূলীয় শহর লা গুয়াইরা। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে সাহায্যের জন্য আকুতি জানালেও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে তাদের উদ্ধার করা যায়নি।
উদ্ধারকারী দলের এক সদস্য জানান, পর্যাপ্ত প্রশিক্ষিত জনবল ও আধুনিক সরঞ্জামের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক মানবিক সংস্থা আইআরসি ভেনেজুয়েলার পরিস্থিতিকে “অত্যন্ত বিপর্যয়কর” বলে উল্লেখ করেছে।