সোমবার , ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুলাই, ২০২৬

 

ভেটেরিনারি হাসপাতালে ব্যবহৃত কোনো ওষুধের মেয়াদ যেন কোনোভাবেই উত্তীর্ণ না হয়—এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ এবং আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল দেশের প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ আস্থা ও নির্ভরতার প্রতীক। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি দেশে পোষা প্রাণীর সংখ্যাও দ্রুত বাড়ছে। এ বাস্তবতায় প্রাণীর চিকিৎসা ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও বিস্তৃত করা ছাড়া বিকল্প নেই।

তিনি আরও বলেন, প্রাণিসেবার মান উন্নয়নে হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং সেবার পরিধি সারাদেশে সম্প্রসারণ করতে হবে। যাতে দেশের প্রতিটি অঞ্চলের মানুষ সহজেই মানসম্মত ভেটেরিনারি সেবা পেতে পারে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান সভায় সভাপতিত্ব করেন।

এর আগে প্রতিমন্ত্রী প্রাণিসম্পদ ঔষধাগারের মাধ্যমে ২০২৫–২০২৬ অর্থবছরের জন্য কেনা ওষুধ, কেমিক্যাল, যন্ত্রপাতি এবং শল্যচিকিৎসা সরঞ্জাম মাঠ পর্যায়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় মাঠ পর্যায়ের প্রাণিসম্পদ দপ্তরে বিতরণের জন্য মোট ৯০ ধরনের ওষুধ ও কেমিক্যাল এবং ৪০ ধরনের আধুনিক যন্ত্রপাতি ও শল্যচিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়।