বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভুয়া দাখিলা–খতিয়ান ঠেকাতে ‘ভূমি’ অ্যাপ ছাড়া কিউআর কোড স্ক্যান না করার নির্দেশ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

ভূমিসেবা ব্যবস্থার নামে ভুয়া দাখিলা, খতিয়ান ও ডিসিআর তৈরি করে প্রতারণার ঘটনা বাড়ায় সাধারণ নাগরিকদের সতর্ক করেছে ভূমি মন্ত্রণালয়। এসব নকল কাগজপত্র শনাক্ত এবং নিরাপদ ভূমি সেবা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের নিজস্ব ‘ভূমি’ (Bhumi) অ্যাপ ব্যবহার করে কেবলমাত্র কিউআর কোড যাচাই করার আহ্বান জানানো হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) ভূমি মন্ত্রণালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সংঘবদ্ধ প্রতারক চক্র ভূমিসেবা সিস্টেমের আদলে কিউআর কোড সংযুক্ত করে ভুয়া দাখিলা, খতিয়ান ও ডিসিআর তৈরি করছে। এসব নকল কাগজ ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারিত করা হচ্ছে, যা প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এই পরিস্থিতি মোকাবিলায় এবং নাগরিকদের জন্য সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্য ভূমি সেবা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় ‘ভূমি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে। অ্যাপটিতে থাকা কিউআর কোড যাচাইকরণ ফিচারের মাধ্যমে দাখিলা, খতিয়ান ও ডিসিআরে থাকা কিউআর কোড স্ক্যান করে সংশ্লিষ্ট তথ্যের সঠিকতা যাচাই করা যাবে।

মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, ‘ভূমি’ অ্যাপ ছাড়া অন্য কোনো কিউআর স্ক্যানার ব্যবহার না করতে এবং কেবল সরকারি অ্যাপের মাধ্যমেই যাচাই কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এছাড়া কিউআর কোড যাচাইয়ের সময় কোনো অস্পষ্টতা, ত্রুটি বা প্রদর্শিত তথ্যে ভুয়া সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে ভূমি মন্ত্রণালয়ের হটলাইন ১৬১২২ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

ভূমি মন্ত্রণালয় আরও জানায়, ভুয়া বা নকল দাখিলা, খতিয়ান কিংবা ডিসিআর প্রস্তুত ও ব্যবহারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।