ময়মনসিংহের ভালুকায় বাবাকে লক্ষ্য করে ছেলের গুলি ছোড়ার ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন আহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের নারিশের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে অন্তত দুই রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। এ ঘটনায় আহতরা হলেন বাবা খোকা মিয়া (৫০), তার সঙ্গে থাকা ফয়জুদ্দিনের ছেলে খোকন (৪৫) এবং অপর পক্ষের বখতিয়ার আহমেদ নাহিন (২৪)। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খোকা মিয়া ও তার ছেলে তোফায়েল আহমেদ রানা’র মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। গত জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক ভিন্ন অবস্থান নেওয়ার পর থেকে তাদের মধ্যে দ্বন্দ্ব আরও তীব্র হয়। বাবা খোকা বিএনপি প্রার্থীর পক্ষে এবং ছেলে রানা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেন বলে জানা যায়।
ঘটনার দিন দুপুরে নামাজের সময় ছেলে রানা তার অফিসে কয়েকজন সহযোগীসহ অবস্থান করছিলেন। ওই সময় খোকা মিয়া সেখানে গিয়ে অফিস বন্ধ করতে বলেন। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং একপর্যায়ে গুলির ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
স্থানীয় বাসিন্দা ইমরান বলেন, দীর্ঘদিনের পারিবারিক ও রাজনৈতিক বিরোধের জেরেই এই সহিংসতার ঘটনা ঘটেছে।
এদিকে ঘটনার পর ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিনারা জানান, আহতদের শরীরে গুলির আলামত পাওয়া যায়নি, তবে তারা গুলির কথা বলেছেন। এক্স-রে রিপোর্টের পর প্রকৃত অবস্থা নিশ্চিত হওয়া যাবে।
ভালুকা মডেল থানার ওসি মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, পারিবারিক ও রাজনৈতিক বিরোধের জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।