বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভারতের সঙ্গে বিএনপির চুক্তির গুজব সম্পূর্ণ অপপ্রচার : মাহদী আমিন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

ভারতের সঙ্গে বিএনপির কোনো ধরনের চুক্তি হয়েছে—এমন বক্তব্য ও দাবি সম্পূর্ণরূপে অপপ্রচার বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা এবং নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, এসব বক্তব্যের পক্ষে কোনো বাস্তব প্রমাণ নেই এবং তা রাজনৈতিকভাবে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা মাত্র।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানের ৯০ নম্বর রোডে বিএনপির নির্বাচনী অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, একটি রাজনৈতিক দলের প্রভাবশালী এক নেতার পক্ষ থেকে ভারতের সঙ্গে বিএনপির চুক্তি নিয়ে যে দাবি করা হয়েছে, তা একটি মিডিয়ার বরাত দিয়ে বলা হলেও এর পক্ষে কোনো তথ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি। তিনি বলেন, “যে তথ্য মিডিয়ায় এসেছে বলে দাবি করা হচ্ছে, তার ন্যূনতম সত্যতা বা বাস্তবতা নেই।”

তিনি আরও বলেন, এটি পরিকল্পিতভাবে বিতর্ক তৈরির রাজনৈতিক অপকৌশল। আর যদি কেউ ভুল তথ্যের ভিত্তিতে এমন বক্তব্য দিয়ে থাকেন, তবে সেটি তার অজ্ঞতারই পরিচয়। অপকৌশল হোক বা অজ্ঞতা—উভয় ক্ষেত্রেই ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার।

বিএনপির রাজনৈতিক দর্শন তুলে ধরে মাহদী আমিন বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা মানেই ইতিবাচক রাজনীতি। অপপ্রচার ও অপরাজনীতির কোনো স্থান সেখানে নেই। তিনি বলেন, বিএনপির রাজনীতি বাংলাদেশপন্থি রাজনীতি, যার মূলমন্ত্র ‘সবার আগে বাংলাদেশ’। বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের ক্ষমতাকে কেন্দ্র করেই বিএনপির রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রসঙ্গে মাহদী আমিন সতর্ক করে বলেন, এসব কার্ড দেওয়ার নামে কোনো ব্যক্তি বা চক্র যদি অর্থ দাবি করে, তা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও প্রতারণামূলক। তিনি জানান, একটি প্রতারক চক্র উদ্দেশ্যমূলকভাবে বিতর্ক সৃষ্টি করতে কিছু এলাকায় টাকা আদায়ের চেষ্টা করছে।

তিনি বলেন, তারেক রহমানের নারীর ক্ষমতায়ন ও কৃষকের সমৃদ্ধির লক্ষ্য নিয়ে প্রস্তাবিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি ইতোমধ্যেই দেশজুড়ে প্রশংসিত হয়েছে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এসব কার্ড সম্পূর্ণ বিনামূল্যে এবং যথাযথ ব্যক্তিদের হাতে রাষ্ট্রীয় উদ্যোগে পৌঁছে দেওয়া হবে। এ বিষয়ে কেউ প্রতারণার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে তারেক রহমানের নির্বাচনী কর্মসূচির বিস্তারিত তুলে ধরে মাহদী আমিন জানান, শনিবার (২৪ জানুয়ারি) রাত ৭টা ৩৫ মিনিটে তিনি আকাশপথে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। সেখানে রাত্রিযাপনের পর রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় একটি স্থানীয় হোটেলে প্রায় ৩০০ শিক্ষার্থীকে নিয়ে ‘ইউথ পলিসি টক’-এ অংশ নেবেন।

তিনি জানান, এই আয়োজনে শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও পরিবেশসহ বিভিন্ন বিষয়ে বিএনপির নীতিমালা নিয়ে আলোচনা ও মতবিনিময় করবেন তারেক রহমান। এরপর চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।

সমাবেশ শেষে যাত্রাপথে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জের একাধিক স্থানে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সফর শেষে তিনি রাতে ঢাকায় ফিরবেন। এই সফরে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তার সফরসঙ্গী থাকবেন।