বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘ভারতকে উচিত শিক্ষা দিয়েছে দক্ষিণ আফ্রিকা’

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে অপরাজিত ছিল ভারত। তবে সুপার এইটে এসে হার দিয়ে শুরু করলস সূর্যকুমার যাদবের দল। শঙ্কায় পড়েছে তাদের সেমি ফাইনালের টিকিটও। ভারতের এমন হারকে দলটির জন্য উচিত শিক্ষা বলে মনে করছেন সাকলাইন মুশতাক।

পাকিস্তানের একটি টিভিতে আলোচনায় সাবেক এই ক্রিকেটার বলেন, ‘দক্ষিণ আফ্রিকার সব পরিকল্পনা এই ম্যাচে কাজে লেগেছে। সত্যি বলতে ভারতকে মাটিতে আছড়ে ফেলেছে তারা এবং তুলাধুনা করেছে ও অপমানিত করেছে।’

‘সাম্প্রতিক সময়ে ভারত যতটুকুই উড়ছিল, দক্ষিণ আফ্রিকা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই তাদের পরিকল্পনা ছিল দুর্দান্ত।’-যোগ করেন তিনি।

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সুপার এইটের ম্যাচে ১০৭ রানের বিশাল ব্যবধানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে ভারতের সেমিফাইনাল সম্ভাবনায় বড় ধাক্কা লাগল। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর এমনিতেই ব্যাকফুটে ভারত। ওয়েস্ট ইন্ডিজের জয়ের ব্যবধান তাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিলো। নেট রানরেট স্বাস্থ্যকর রাখতে হলে ভারতকে অবশিষ্ট ম্যাচগুলো বড় ব্যবধানে জিততে হবে।

আগামীকাল (বুধবার) চেন্নাইয়ে ভারতের ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে। একই দিনে এক নম্বর গ্রুপের অন্য খেলায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আহমেদাবাদের এই ম্যাচের ফলের ওপরও ভারতের সেমিফাইনাল ভাগ্য নির্ভর করছে। দক্ষিণ আফ্রিকা জিতলে স্বাগতিকদের স্বস্তি ফেরাতে পারে।