বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভাতা বঞ্চনায় রাস্তায় অবসরপ্রাপ্ত শিক্ষকরা, বরিশালে তীব্র ক্ষোভ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বরিশালে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা তাদের অবসর ভাতা ও কল্যাণ ভাতা দ্রুত প্রদানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় বরিশাল নগরীতে এ কর্মসূচি পালন করা হয়।

অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি এর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ হাইকোর্ট এর সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বছরের পর বছর তাদের অবসর ভাতা ও কল্যাণ ভাতা পরিশোধ করা হচ্ছে না। ফলে অবসর-পরবর্তী জীবনে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেকেই তিন-চার বছর অপেক্ষা করেও প্রাপ্য অর্থ না পেয়ে মারা গেছেন বলে জানান তারা।

বক্তারা আরও বলেন, চাকরির সময় তাদের বেতনের ১০ শতাংশ নিয়মিত কেটে রাখা হলেও গত প্রায় সাত বছর ধরে সেই অর্থ পরিশোধে গড়িমসি করা হচ্ছে। এতে অবসরপ্রাপ্ত শিক্ষকরা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নগরীর প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করেন এবং পরে বরিশাল সিটি কলেজ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলন আয়োজন করেন।

সংগঠনের জেলা সভাপতি সুভাষ চন্দ্র পাল এবং সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট এক রায়ে নির্দেশ দেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর গ্রহণের ছয় মাসের মধ্যে তাদের সর্বশেষ মূল বেতনের ১৬৬ মাসের সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। কিন্তু সেই নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা।

আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—নির্ধারিত সময়ের মধ্যে ভাতা প্রদান, বিলম্ব হলে সুদসহ অর্থ পরিশোধ, কর্তিত টাকার স্বচ্ছ হিসাব প্রকাশ, সর্বশেষ বেতন স্কেল অনুযায়ী ভাতা নির্ধারণ এবং সরকারি কর্মচারীদের মতো অন্যান্য সুবিধা নিশ্চিত করা।