রাজধানীর ভাটারা এলাকার একটি ভাড়া বাসা থেকে মাহমুদুল হোসেন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি ডিশ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর রাতে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে বাসার একটি কক্ষের সিলিং ফ্যানের রডের সঙ্গে মাহমুদুলের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নিহত মাহমুদুল হোসেন পটুয়াখালী সদর উপজেলার মশিপুর এলাকার বাসিন্দা এবং ইসমাইল হাওলাদারের ছেলে। তিনি ভাটারায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিফাত আল-আফসানী জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে মাহমুদুল কেবল তারের ব্যবসা করতেন এবং ব্যবসায়িক ঋণের কারণে মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। পুলিশ মনে করছে, এই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করতে পারেন।
তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।