রাজধানীর ভাটারা থানাধীন বারিধারা এলাকায় একটি গাড়ির গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রিয়াজ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্যারেজের কর্মচারী হিসেবে কাজ করতেন।
বুধবার (২০ মে) সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গ্যারেজের মালিক জাকির হোসেন জানান, সকালে গ্যারেজ খোলার পর লাইট জ্বালাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন রিয়াজ। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।