তীব্র গরম ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্মরণকালের অন্যতম ভয়াবহ দাবানলের মুখে পড়েছে ফ্রান্স ও স্পেন। দ্রুত ছড়িয়ে পড়া আগুন বনাঞ্চল পেরিয়ে এখন শহরের দিকেও অগ্রসর হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই দেশেই ব্যাপক সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে।
ফ্রান্স সরকার বোর্দো ও আটলান্টিক উপকূলীয় বিস্তীর্ণ এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। অন্যদিকে স্পেনের রাজধানী মাদ্রিদের পূর্বাঞ্চলের কয়েকটি শহরের বাসিন্দাদেরও এলাকা ছাড়তে বলা হয়েছে। পরিস্থিতির অবনতির কারণে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, দাবানলের কারণে এখন পর্যন্ত ফ্রান্স ও স্পেন থেকে ২ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে শুধু ফ্রান্সের ক্যাপ ফেরাত উপত্যকা থেকেই প্রায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরে দাবানলে দেশটিতে প্রায় ৯৮ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। এর মধ্যে জানুয়ারি থেকে জিরোন্ডে অঞ্চলেই পুড়েছে প্রায় ৪০ হাজার হেক্টর জমি।
এদিকে বিবিসি জানিয়েছে, স্পেনে কিছু বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা দাবানল নিয়ন্ত্রণে যথেষ্ট হবে না। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় অগ্রাধিকার মানুষের জীবন রক্ষা করা। তিনি সতর্ক করে বলেন, আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাতাসের গতিবেগ ও দিক দাবানলের বিস্তারে বড় ভূমিকা রাখতে পারে।