ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জেলা শহরের গোকর্ণ এলাকায় সদর উপজেলা প্রশাসন ও র্যাব-৯ এর যৌথ অভিযানে প্রায় ১০ হাজার ১০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।
অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোকর্ণ এলাকায় কিছু দোকানে অনুমোদনহীনভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে খোলা তেল বিক্রির তিনটি দোকান থেকে প্রায় ১০ হাজার লিটার ডিজেল ও ১০০ লিটার অকটেন জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন জানান,
“র্যাবের মাধ্যমে অবৈধ মজুতের তথ্য পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। কিছু দোকানে অবৈধভাবে তেল মজুতের প্রমাণ পাওয়া গেছে এবং তাদের কোনো অনুমোদন ছিল না। এজন্য তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।”
র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী বলেন,
“মুদি দোকান, গ্যারেজ ও শ্রমিকদের আবাসস্থলে জ্বালানি তেল মজুতের তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে যৌথ অভিযান চালানো হয়েছে। অবৈধ মজুত ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এই অভিযানের মাধ্যমে প্রশাসন জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে।