সোমবার , ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ জুলাই, ২০২৬

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিল ও নরওয়ের সামনে যেমন কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য, তেমনি কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের সামনে রয়েছে হলুদ কার্ড এড়িয়ে নিষেধাজ্ঞা থেকে বাঁচার চ্যালেঞ্জ।

রোববার দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচটিতে ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো, ডিফেন্ডার দানিলো এবং নরওয়ের অ্যাটাকিং মিডফিল্ডার অ্যান্তোনিও নুসা হলুদ কার্ডের ঝুঁকিতে রয়েছেন।

জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে ক্যাসেমিরো ও দানিলো একটি করে হলুদ কার্ড দেখেছিলেন। ফলে নরওয়ের বিপক্ষে আবারও হলুদ কার্ড দেখলে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠলেও পরের ম্যাচে খেলতে পারবেন না তারা।

অন্যদিকে আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন নরওয়ের অ্যান্তোনিও নুসা। সেই ম্যাচে গোলও করেছিলেন তিনি। তাই ব্রাজিলের বিপক্ষে এই তরুণ তারকাকে সতর্ক থাকতে হবে, নইলে কোয়ার্টার ফাইনালে ওঠার পর নিষেধাজ্ঞায় পড়তে হবে।

২০২৬ বিশ্বকাপে দলসংখ্যা ৪৮ হওয়ায় ফিফা কার্ড নীতিতে পরিবর্তন এনেছে। গ্রুপ পর্বে পাওয়া সব হলুদ কার্ড নকআউট পর্ব শুরুর আগে বাতিল করা হয়েছে। এরপর নতুন করে হিসাব শুরু হয়েছে। শেষ ৩২ ও শেষ ষোলোর দুই ভিন্ন ম্যাচে হলুদ কার্ড পেলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে কোয়ার্টার ফাইনাল থেকে নিষিদ্ধ থাকতে হবে।

তাই আজকের ম্যাচে জয় যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় ফাউল ও হলুদ কার্ড এড়িয়ে মাঠে শৃঙ্খলা বজায় রাখা।