২০২৬ ফিফা বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায়ে হতাশ হয়েছেন কোটি কোটি সমর্থক। সেই হতাশার ঢেউ ছুঁয়ে গেছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীকেও।
ব্রাজিল টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি প্রকাশ করেন তটিনী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা—আমি আমার দলের সাথেই থাকব।”
প্রকাশিত ছবিতে এক হাত দিয়ে চোখ ঢেকে কান্না লুকানোর ভঙ্গিতে হাসতে দেখা যায় অভিনেত্রীকে। এছাড়া পোস্টের মন্তব্যের ঘরেও একাধিক কান্নার ইমোজি দিয়ে নিজের হতাশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। সেলেসাওদের এই অপ্রত্যাশিত বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।