বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ব্যালটের ছবি তোলায় ভোটারের কারাদণ্ড

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

‎জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনের একটি ভোটকেন্দ্রে গোপন কক্ষে সিল দেওয়া ব্যালটের ছবি তোলার দায়ে এক ভোটারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাড়ে ১১টার দিকে ঝালকাঠি পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত বিপ্লব দাস (৫৩) পৌরসভার কালীবাড়ি এলাকার মৃত ধীরেন্দ্রনাথ দাসের ছেলে।

‎প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ চলাকালে গোপন কক্ষে ব্যালটে সিল দেওয়ার পর মোবাইল ফোনে ছবি তুলতে গেলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে আটক করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে অর্থদণ্ড দেন।

‎ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন বলেন, গোপন কক্ষে ব্যালটের ছবি তোলা নির্বাচনী বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‎তিনি আরও জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।