দেশের ব্যবহৃত মোবাইল ফোন হস্তান্তর বা বিক্রির আগে অবশ্যই নিবন্ধন বাতিল করতে হবে বলে নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এই নির্দেশনা দেওয়া হয়েছে ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালুর পর।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ জানুয়ারি থেকে এনইআইআর সিস্টেম দেশের সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত করেছে। এর ফলে চোরাই বা অবৈধ মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণে সহায়ক পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে কোনো মোবাইল ফোনের সিমকার্ড পরিবর্তন, হস্তান্তর বা বিক্রির আগে ডি-রেজিস্ট্রেশন (নিবন্ধন বাতিল) প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ, সংশ্লিষ্ট হ্যান্ডসেটটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে মুক্ত করতে হবে। ডি-রেজিস্ট্রেশনের জন্য সিম ক্রয়ের সময় ব্যবহৃত জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের শেষ চার সংখ্যা লাগবে।
বিটিআরসি জানিয়েছে, ডি-রেজিস্ট্রেশন সম্পর্কিত বিস্তারিত তথ্য neir.btrc.gov.bd থেকে জানা যাবে। এছাড়া প্রয়োজন হলে বিটিআরসির কল সেন্টার ১০০ অথবা মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার থেকেও সহায়তা নেওয়া যাবে।