বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ব্যবসায়ীদের নয়, জনগণের কাছে দায়বদ্ধ রাজনীতি চাই: আসিফ মাহমুদ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

কালো টাকা ও ঋণখেলাপি ব্যবসায়ীদের অর্থনির্ভর নির্বাচনী রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয়ভাবে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে নির্বাচনী তহবিল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ জানিয়েছেন, জনগণের ছোট ছোট অনুদানের মাধ্যমেই তারা নির্বাচন করতে চান, যাতে নির্বাচিত প্রতিনিধিরা কেবল জনগণের কাছেই দায়বদ্ধ থাকেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, প্রার্থীদের নির্বাচনী ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা এক জায়গা থেকে নিশ্চিত করতেই কেন্দ্রীয়ভাবে ক্রাউড ফান্ডিংয়ের ওপর জোর দেওয়া হয়েছে। দাতারা চাইলে সরাসরি জাতীয় নাগরিক পার্টিকে অনুদান দিতে পারবেন, আবার চাইলে নির্দিষ্ট কোনো প্রার্থীকে সহায়তা করতে পারবেন। তিনি জানান, দলের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী তহবিলে কত টাকা এলো এবং কোথায় খরচ হলো— এসব তথ্য প্রতি বছর অডিটের মাধ্যমে যাচাই করে পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ করা হবে, যা দেশবাসীর জন্য উন্মুক্ত থাকবে।

তিনি আরও বলেন, অন্য রাজনৈতিক দলগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুললে নিজেদের ক্ষেত্রেও একই মানদণ্ড বজায় রাখা জরুরি। জাতীয় নাগরিক পার্টির প্রার্থীদের মধ্যে কেউই হাজার কোটি বা শত কোটি টাকার ঋণখেলাপি নন, কারও বিদেশি নাগরিকত্ব বা বিদেশে বাড়িঘর নেই। এটিই তাদের রাজনীতির মৌলিক পার্থক্য।

দলের প্রার্থীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, অধিকাংশ প্রার্থী জুলাই অভ্যুত্থানের পর সদ্য চাকরিতে যোগ দেওয়া তরুণ পেশাজীবী, যারা চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছেন, অথবা সদ্য পড়াশোনা শেষ করা সাবেক শিক্ষার্থী। প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করলে দেখা যাবে, হাতে গোনা কয়েকজন ছাড়া কেউই আগে থেকে কোটিপতি বা অতিধনী নন। ফলে জনগণের সমর্থনই তাদের প্রধান শক্তি।

তিনি বলেন, কোনো প্রার্থী যদি ব্যবসায়ী বা ঋণখেলাপিদের অর্থে নির্বাচিত হন, তাহলে সংসদে গিয়ে সেই অর্থদাতাদের স্বার্থ রক্ষার ঝুঁকি থাকে। “আমরা সেই রাজনীতির অংশ হতে চাই না,”— বলেন তিনি।

জনগণের পরামর্শে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করে আসিফ মাহমুদ বলেন, ভবিষ্যতে অর্থনৈতিক নীতি থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জনগণের পরামর্শ, সমর্থন ও সহযোগিতা নিয়ে এগোতে চায় জাতীয় নাগরিক পার্টি। দায়িত্বশীলতা ও জবাবদিহিতা সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

সংবাদ সম্মেলনে তিনি দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় নাগরিক পার্টির যে প্রার্থী বা দলকে তারা উপযুক্ত মনে করেন, সেখানে অনুদান দিয়ে নির্বাচনী লড়াইয়ে সহযোগিতা করুন। “আপনাদের অর্থ, সমর্থন ও সহযোগিতায় নির্বাচিত হলে সংসদে আমরা আপনাদের কণ্ঠস্বরই তুলে ধরব,”— বলেন তিনি।