ভারতের ওড়িশা রাজ্যের কেওনঝড় জেলায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়ে এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছেন এক ব্যক্তি। ব্যাংকের বারবার অনুরোধে ক্ষুব্ধ হয়ে তিনি তার মৃত বোনের কঙ্কাল নিয়েই ব্যাংক শাখায় উপস্থিত হন।
ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জীতু মুন্ডা নামের এক ব্যক্তি। তার বড় বোন কালরা মুণ্ডা জীবদ্দশায় ওড়িশা গ্রামীণ ব্যাংকের মালিপোসি শাখায় একটি সঞ্চয়ী হিসাব পরিচালনা করতেন, যেখানে প্রায় ১৯ হাজার ৩০০ রুপি জমা ছিল।
গত ২৬ জানুয়ারি ৫৬ বছর বয়সে কালরা মুণ্ডার মৃত্যু হয় এবং স্থানীয় মুণ্ডা আদিবাসী প্রথা অনুযায়ী তাকে সমাহিত করা হয়। কিন্তু মৃত্যুর পর তার ব্যাংক অ্যাকাউন্টের টাকা তুলতে গেলে জীতু বারবার সমস্যার মুখে পড়েন।
অভিযোগ অনুযায়ী, ব্যাংক কর্মকর্তারা তাকে জানান যে অ্যাকাউন্টের মালিককে উপস্থিত করতে হবে। জীতু বারবার বোঝানোর চেষ্টা করেন যে তার বোন মারা গেছেন, কিন্তু তিনি দাবি করেন তার কথা কেউ শোনেনি।
এরপরই ক্ষুব্ধ হয়ে তিনি কবর থেকে বোনের কঙ্কাল তুলে ব্যাংকে নিয়ে যান। ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ এপ্রিল) কেওনঝড় জেলার মালিপোসি শাখায়, যা পাটানা থানার আওতাধীন।
এ ঘটনায় ব্যাংক চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় প্রশাসন জানায়, জীতু মুন্ডা একজন নিরক্ষর আদিবাসী ব্যক্তি এবং ব্যাংকিং নিয়ম-কানুন সম্পর্কে তার পরিষ্কার ধারণা ছিল না।
ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, আইন অনুযায়ী তৃতীয় পক্ষের মাধ্যমে অর্থ উত্তোলন করতে হলে মৃত্যু সনদসহ প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হয়, যা তিনি জমা দেননি।
ঘটনার পর মানবিক দৃষ্টিকোণ থেকে কেওনঝড় জেলা রেডক্রস তহবিল থেকে জীতু মুন্ডাকে ৩০ হাজার রুপি সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসন জানিয়েছে, মৃত কালরা মুণ্ডার অ্যাকাউন্টের অর্থ দ্রুতই তার বৈধ উত্তরাধিকারীর কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।