বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বৈশাখে ইলিশপ্রেমের কথা জানালেন মার্কিন রাষ্ট্রদূত, খলিলুর রহমানের সঙ্গে বৈঠক

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন এবং দেশের জনপ্রিয় খাবার ইলিশ মাছের প্রতি নিজের ভালো লাগার কথা প্রকাশ করেছেন।

সোমবার (১৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “শুভ নববর্ষ। ইলিশ মাছ খেতে আমার খুব ভালো লাগে।”

বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও, সংশ্লিষ্ট সূত্রে ধারণা করা হচ্ছে—বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, সহযোগিতা ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর রমনার বটমূলে আয়োজিত ছায়ানটের ঐতিহ্যবাহী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

উৎসবকে কেন্দ্র করে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাংলা নববর্ষের এই আয়োজনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ইতিবাচক মনোভাব তুলে ধরেছেন মার্কিন রাষ্ট্রদূত।