বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৩ মাসের বিশেষ সহায়তা ঘোষণা সরকারের

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

দেশের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতে ফসলহানির শিকার কৃষকদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য টানা তিন মাস বিশেষ সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন। অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রধানমন্ত্রী জানান, ইতোমধ্যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বৃষ্টির কারণে যেসব কৃষকের ফসল নষ্ট হয়েছে, তাদের সঠিকভাবে চিহ্নিত করে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, তিন দিন আগেই আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পর স্থানীয় প্রশাসনকে আগাম সতর্কতা ও প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরও যেসব এলাকায় ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা হবে।

সরকারপ্রধান আরও জানান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। আগামী তিন মাস নিরবচ্ছিন্নভাবে এই সহায়তা অব্যাহত থাকবে।

তিনি আশ্বাস দেন, প্রাকৃতিক দুর্যোগে কোনো কৃষক যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সরকার কঠোর নজরদারি রাখছে।