শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বুদ্ধদেবকে দেখে দেহদান করলেন ঋতুপর্ণাও

প্রকাশিত হয়েছে- রবিবার, ১১ আগস্ট, ২০২৪

না ফেরার দেশে চলে গেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গত ৮ আগস্ট কলকাতার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জীবদ্দশায় নিজের দেহদান করে যান বুদ্ধদেব। তাতে অনুপ্রাণিত হয়ে ঋতুপর্ণা সেনগুপ্তও নিলেন একই সিদ্ধান্ত।

গত ৮ আগস্ট ৮০ বছর বয়সি বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হয় কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে। দেহদান করায় মরদেহ দাহ করা হয়নি। এ সময় সেখানে হাজির ছিলেন ঋতুপর্ণাও।

পরে অভিনেত্রী ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ‘আমার ফুফু, ফুফা একই পথের পথিক। আমিও প্রাক্তন মুখ্যমন্ত্রীর (বুদ্ধদেব ভট্টাচার্য) পথেই হাঁটব। দাহ করার বদলে দেহ দান করে গেলে আমার দেহের অঙ্গপ্রত্যঙ্গ হয়তো কোনো মৃত্যুপথযাত্রীকে জীবনের পথে ফেরাতে পারবে। তার মধ্যে দিয়ে আমিও বেঁচে থাকব চিরকাল।’

বুদ্ধদেব সম্পর্কে ঋতুপর্ণা বলেন, ‘ভীষণ বুদ্ধিদীপ্ত আর প্রচণ্ড রসিক। কথায় কথায় বেশ মজা করতেন। উনার আমলে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছি। যতবার সামনাসামনি হয়েছি, হাসিমুখে কথা বলেছেন।’