বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘বীরনিবাস’ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের ঘোষণা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ মে, ২০২৬

বীর মুক্তিযোদ্ধাদের জন্য গৃহায়ন প্রকল্প ‘বীরনিবাস’-এ দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ের ‘ফ্যাসিবাদী শাসনামলে’ অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাস্তবায়িত এই প্রকল্পে অনিয়ম ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। এসব অভিযোগ খতিয়ে দেখা হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়েও কঠোর নজরদারি নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চলমান প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে কাজের গতি বাড়াতে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে। আলোচনাটি ফলপ্রসূ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী জানান, বীর মুক্তিযোদ্ধাদের জন্য গৃহনির্মাণ প্রকল্পে মোট ৩০ হাজার ঘর নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১৭ হাজার ৮০৬টি ঘর ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বাকি ঘরগুলোর নির্মাণ কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই, যথাযথ সম্মান নিশ্চিত করা এবং ‘বীরনিবাস’ প্রকল্প দ্রুত বাস্তবায়ন— এসব বিষয়ে মন্ত্রণালয় গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়িয়ে সেবা কার্যক্রম আরও জনবান্ধব করা হবে বলেও জানান তিনি।